গানের তরী পূর্ণ করে

গানের তরী পূর্ণ করে আকাশে আজ দাও ভাসায়ে
পিতার ধন্যবাদ আর গুণ সংকীর্তন, নয়নের জলে মিশায়ে।
কত দয়া কত আশীর্বাদ
করে তিনি পূর্ণ করলেন মনের কত সাধ।
একবার আনন্দে কর ধন্যবাদ- উঠুক সঙ্গীত আকাশ ছেয়ে ॥
গানের তরী ভাসুক পবনে
ভেসে যাক সেই অমরপুরে পিতার ভবনে।
যেথায় দয়াল ঈসা পাপীর জন্য নিবেদন করেন বসিয়ে ॥
অমরপুরে কত গুণীজন
আনন্দে প্রদক্ষিণ করে পিতার সিংহাসন।
পিতার নাম সংকীর্তন করে দূতগণ, বীণার সুরে সুর মিশায়ে ॥
সেই সুরে আজ কর গান তাঁর নাম
দেহ মন লুটায়ে তাঁর পায়ে করহে সালাম।
আসুক স্বর্গের সুখ আনন্দ বিশ্রাম আমার এই আঁধার হৃদয়ে ॥
